হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জানুয়ারির শুরু থেকেই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পৌষের শেষভাগে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা যোগ হয়ে জীবনযাত্রাকে করে তুলেছে চরম দুর্বিষহ।
সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকেই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশা ও কনকনে শীতে ঢেকে যায়। তীব্র ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হওয়ায় সড়ক ও হাটবাজারে লোকসমাগম ছিল খুবই কম। এতে কার্যত স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও দিনমজুর শ্রেণির মানুষ। কনকনে ঠান্ডায় অনেক দিনমজুর ও রিকশাচালক কাজে যেতে না পারায় তাদের দৈনন্দিন আয়-রোজগারে পড়েছে নেতিবাচক প্রভাব।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, দিনের বেলায় মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও রাতের বেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এ অঞ্চলে শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সকাল নিউজ/এসএফ


