প্রথমবারের মতো বিলিয়নেয়ার ক্লাবের সদস্য হলেন বলিউড বাদশাখ্যাত অভিনেতা শাহরুখ খান। পেছনে ফেলেছেন টেলর সুইফট- টম ক্রুজকেও। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে।

এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকায় জায়গা করে নিলেন। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথমবার প্রবেশ করেছিলেন শাহরুখ খান। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি রুপি।

বুধবার তালিকাটি প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। প্রতিবছর এ তালিকা প্রকাশ করে গবেষণাপ্রতিষ্ঠানটি, যেখানে ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের সম্পদের হিসাব তুলে ধরা হয়।

তালিকায় উল্লেখ করা হয়েছে, ‘বলিউডের বাদশাহ শাহরুখ খান (৫৯) এবার প্রথমবারের মতো বিলিয়নেয়ার ক্লাবে নাম লিখিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি।’

এ অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে হৃতিক রোশন, যার সম্পদ ২ হাজার ১৬০ কোটি রুপি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন করণ জোহর ও অমিতাভ বচ্চন।

শাহরুখ খান তিন দশক ধরে বলিউড শাসন করছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’—যুগের পর যুগ ধরে বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা থেকে বিজ্ঞাপনচিত্রের মডেলিং-নানা মাধ্যম থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ কামিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অন্যতম মালিক। তিনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেরও অন্যতম মালিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এক্সে (সাবেক টুইটার) তাঁর অনুসারীর সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ এবং ইনস্টাগ্রামে ৪ কোটি ৮৬ লাখ। এ বছর ‘জওয়ান’ ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমাটি ভারতের বক্স অফিসেই আয় করেছিল ১ হাজার কোটি রুপি। তথ্যসূত্র- এনডিটিভি।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version