না ফেরার দেশে পাড়ি জমালেন যাত্রা শিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন গবেষক আমিনুর রহমান সুলতান। মৃত্যুকালে তায় বয়স হয়েছিল ৭৮ বছর।
আমিনুর রহমান সুলতান বলেন, ‘মিলন কান্তি দে কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।’ মিলন কান্তির সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মিলন কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার দ্বৈত সম্মিলনকে আমৃত্যু ক্রিয়াশীল রেখেছেন মিলন কান্তি দে।
তিনি ছিলেন একাধারে যাত্রাভিনেতা, নির্দেশক, প্রযোজক, গবেষক, পালাকার ও বিদগ্ধ সংগঠক। পাশাপাশি যাত্রশিল্পকে এগিয়ে নিতে কিংবদন্তিতুল্য এ যাত্রানট দীর্ঘকাল নানমুখি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগ্রাম করে গেছেন।
যাত্রাশিল্পে অবদানের জন্য মিলন কান্তি দে শিল্পকলা একাডেমি পদক এবং ২০২৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।
সকাল নিউজ/এসএফ


