স্বনামধন্য লিটলম্যাগ ‘লোক’ প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ৩দিন ব্যাপী ‘লেখক-শিল্পী সম্মিলন’। ১১ থেকে ১৩ ডিসেম্বর এমভি-৯ জাহাজে করে ঢাকা-মনপুরা-ঢাকা ভ্রমণে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০-এর অধিক লেখক-শিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য এ সম্মিলনের দ্বিতীয় ও তৃতীয় দিন ‘নদীপথে বইমেলা’ শিরোনামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এ বই উৎসব।

এতে অংশ নেয় দেশের স্বনামধ্য ১২টি প্রকাশনা সংস্থা। লেখক-শিল্পী সম্মিলনে প্রাণবন্ত এ বইমেলায় উন্মোচিত হয় নতুন বইও। আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও শিল্পসমালোচক আবু সাঈদ তুলুর নতুন বই ‘ঐতিহ্যায়ন’ মোড়ক উন্মোচন করা হয়।

আনন্দঘন আয়োজনে গবেষণালব্ধ নির্বাচিত ১৫টি প্রবন্ধে মোড়ানো এ গ্রিন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, বিশিষ্ট কবি নাসির আহমেদ, লোক সম্পাদক কবি অনিকেত শামীম, বিশিষ্ট কথাসাহিত্যিক পারভেজ হোসেনসহ এ সময়ের গুরুত্বপূর্ণ কবি ও লেখকবৃন্দ।

‘ঐতিহ্যায়ন’ প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা অয়ন পাবলিকেশন। শিল্পী মাহদী হাসানের অন্তঃগভীর প্রচ্ছদের ১৯২ পৃষ্ঠার এ বইটির মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। দেশি-বিদেশি নানা পত্রিকা-জার্নালে প্রকাশিত আবু সাঈদ তুলুর ঐতিহ্যভিত্তিক প্রবন্ধগুলোর মধ্য থেকে নির্বাচিত ১৫টি প্রবন্ধ নিয়ে সাজানো হয়েছে ‘ঐতিহ্যায়ন’ গ্রন্থ।

আবু সাঈদ তুলু একজন প্রতিশ্রুতিশীল গবেষক, কথাসাহিত্যক, নাট্য বিশ্লেষক ও শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বাংলার ইতিহাস-ঐতিহ্য-সাহিত্য-সংস্কৃতি নিয়ে নিরন্তর গবেষণা ও নানা আঙ্গিকে লেখালেখি করে আসছেন। আবহমান বাংলার সাহিত্য-সংষ্কৃতিকে বৈশ্বিক মূল্যবোধের নান্দনিক জাগরণে তিনি নিবেদিত ও অক্লান্ত পরিশ্রমী।

গ্রন্থটি সম্পর্কে আবু সাঈদ তুলু বলেন, ‘হাজার বছরের গৌরবান্বিত ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী হবার পরও বাংলাদেশের অধিকাংশ মানুষই ভিনদেশি রীতি-নীতির অন্ধ অনুকরণে ব্যাপ্ত। দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ উপনিবেশের আগ্রাসনে এদেশের মানুষ হয়ে উঠেছে আত্মপরিচয়হীন এবং পরমুখাপেক্ষী। বর্হিবিশ্ব অনেক এগিয়ে গেলেও এদেশ এখনো নিম্ন-অনুন্নত। উন্নত করার প্রচেষ্টায় শুধু অর্থনৈতিক কাঠামোর দিকে মনোযোগ দিলে হবে না। তার চেয়েও বেশি প্রয়োজন ঐতিহ্যবাহী চেতনায় সাহিত্য-সাংস্কৃতিক মানস কাঠামোর বিকাশ। এ গ্রন্থের প্রবন্ধগুলো বাংলার হাজার বছরের ইতিহাস-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবনে সাহায্য করবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version