তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতিও পালন করা হচ্ছে।
এদিকে তিন দফা বাস্তবায়ন না করে উল্টো শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আজ রবিবার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জনানো হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে চড়াও হয় পুলিশ। এদিন পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গতকালের এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষকেরা নতুন কর্মসূচি দেন। ঘোষণা অনুযায়ী, তাঁরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করছেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৭টি। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৬ লাখের বেশি। মোট শিক্ষক আছেন ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন। এর মধ্যে সহকারী শিক্ষক আছেন প্রায় সাড়ে ৩ লাখ। সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। এখন সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।

