দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করা অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এদিন সারাদেশে ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয় এবং মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানায়, ফেনীর ইসলাম রোড এলাকায় অবৈধভাবে তেল মজুদের দায়ে একটি গুদামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে ঢাকার পল্টন, শান্তিনগর, নয়াপল্টন, ভাষানীগলি ও পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও উচ্চমূল্যে বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এদিকে যশোরের কোতোয়ালি এলাকায় মেসার্স নওয়াব মিল থেকে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রংপুরে একই ধরনের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে পরিচালিত অভিযানে তেলের মজুদে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে শ্যামপুরের জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জব্দকৃত পণ্য খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নরসিংদী সদরে নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুদ, ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।


