জালের বিশেষ খাঁচায় বন্দি থাকা বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ রোববার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রাম থেকে এই প্রাণীগুলো উদ্ধার করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি) একটি আভিযানিক দল সদর উপজেলার চিনিপাড়া গ্রামের মুকুল আলীর (৪৫) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
পরে তার বাড়ি তল্লাশী করে শয়ন কক্ষ থেকে সাদা জাল দিয়ে বানানো বিশেষ খাঁচার ভেতর বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তক্ষকগুলো ধূসর মাটি রঙের এবং এগুলোর গায়ে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। প্রত্যেকটি তক্ষকের দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোকে লালমনিরহাট জেলা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
সকাল নিউজ/এসএফ

