গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সশস্ত্র সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম প্রেনপং ম্রো (২৫)। তিনি সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার মেনসিং ম্রোর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেরেন্তা বাজার এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রেনপং ম্রোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল জানান, সেনাবাহিনী ওই ব্যক্তিকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সকাল নিউজ/এসএফ


