ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী শূন্য হয়ে পরায় দলীয় সিদ্ধান্তে এবার জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে দলটি।
এই আসন থেকে নির্বাচিত সাবেক চারবারের সাংসদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন থেকে ছিটকে পরা বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী অবশেষে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এই প্রার্থীকে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার গুনাইঘর তার নিজ বাসভবনের জিয়া অডিটরিয়ামে আয়োজিত এক বৈঠকে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়ে তার নেতাকর্মীদের ট্রাকের পক্ষে মাঠে কাজ করার আহবান জানান।
মন্জুরুল আহসান মুন্সী তার বক্তব্যে বলেন, ‘যারা বিএনপিকে ভালোবাসে আজ দেবীদ্বার বাসীর মন রাগে উতলে উঠছে। তবে এই ইলেকশনের পরে কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন তখন আপনাদের মনভাসনা পূর্ণ হবে।
এখন আপনারা সকলে একত্রিতভাবে আমাদের সমর্থিত প্রার্থী জসীমউদ্দীনের পক্ষে একসাথে কাজ করবেন। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না, মাঠে এসে আমাদের সাথে কাঁদে কাদ মিলিয়ে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের ভবিষ্যতে বাধার সম্মুখীন হতে হবে।
এসময় উপস্থিত থেকে সমর্থন জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদুর রহমান লিটন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, সাংগঠনিক সম্পাদক সাহাজুদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
এসময় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘আপনাদের সমর্থনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনটিতে যেনো আমাদের বিজয় হয়, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাবো। আমরা যেনো এই আসনের বিজয়ের মালা আপনার (মন্জুরুল আহসান মুন্সীর) গলায় পড়াতে পারি।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপি কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মী এবং দেবীদ্বার বাসীর কাছে ট্রাকের পাশে থাকতে এবং তার পক্ষে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়।
সকাল নিউজ/এসএফ

