কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ দল দেবীদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চার তরুণকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতে এবং অপর দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকেই দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮) ও মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মো. রাহিমুল ইসলাম (১৮)।
এ বিষয়ে দেবীদ্বার থানার (ওসি তদন্ত) মো. মঈসুদ্দিন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদÐ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সকাল নিউজ/এ,মএম

