ভোলার দৌলতখানে আলোচিত এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৬ জানুয়ারী) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের কালুরহাট নামক এলাকা থেকে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। দুপুরে ভোলা নৌ- কন্টিনজেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কালুরহাট এলাকায় মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে অভিযান চালায় নৌবাহিনী। এসময় রাজিব নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে তার বাড়িতে তল্লাশি করে ৪শ ৩৫ পিস ইয়াবা, ১শত ৬০ গ্রাম গাঁজা, ২টি চাইনিজ কুড়াল, ১ টি চাকু, মাদক মাপার ২টি মেশিন, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩১ হাজার আটশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাদক, নগদ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
সকাল নিউজ/এসএফ


