গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিবি।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে ধানমন্ডির একটি বাসা থেকে মঙ্গলবার ভোরে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, আর বাকি তিনটি এখনও তদন্তাধীন।
তিনি আরও জানান, লালবাগের মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন। ২০১৩ সাল থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।
এদিকে, ২০২৪ সালের ১৫ আগস্ট ডেপুটি স্পিকার শামসুল হককেও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

