সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে রোনান সুলিভানদের অভিনন্দন জানানো হয়।
এর আগে গতকাল মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ যুবারা। এ জয়ের পর গতকাল রাতে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।
সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।
ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। ভারতের হয়ে ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি ছিল দুর্বল, ঝাঁপিয়ে পড়ে তা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এরপর ভারত টানা ৩টি গোল করলেও বাংলাদেশ পিছিয়ে ছিল না। মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় লক্ষ্য ভেদ করেন টাইব্রেকারে।
বাংলাদেশের চতুর্থ শটে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে টাইব্রেকারে ৩-৩ সমতায় ফেরে দুই দল। তবে নাটকের তখনো বাকি ছিল। পঞ্চম শটে ভারতের ওমাং দোদাম বল পোস্টের অনেক ওপর দিয়ে মারলে শিরোপার দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। এরপর যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান দলের হয়ে শেষ শটে সহজেই গোল করে বাংলাদেশকে ভাসান শিরোপা ধরে রাখার আনন্দে।

