রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে পাহাড়ে ধাক্কা লেগে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন ক্রুসহ মোট ২৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, বিমানটি নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে জানা যায়, ক্রিমিয়ার কাছাকাছি একটি পাহাড়ে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার পর শুরুতে সন্দেহ করা হচ্ছিল, এটি কোনো হামলার ফল কি না। তবে রুশ সেনাবাহিনী এ ধরনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
রাশিয়ার দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সোভিয়েত আমলের এই বিমান সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। স্বল্প ও মাঝারি দূরত্বে এটি পণ্য ও সীমিত সংখ্যক যাত্রী বহনে সক্ষম।
উল্লেখ্য, এ ধরনের বিমান অতীতেও একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালেও এমন একটি দুর্ঘটনা ঘটেছিল।

