চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্রগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।’
রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।’
দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর।’
চট্টগ্রামের ঘটনায় সবাইকে চিহ্নিত করা গেছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ওদেরকে চিহ্নিত করা গেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় গতকাল শনিবার সকালে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে বসবাস করেন।
সকাল নিউজ/এসএফ

