নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিন (আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আজ বুধবার পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।
জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।
ওইদিনই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাহারুল আলম। নির্বাচনের পর দেশের দায়িত্ব নেওয়া বিএনপি সরকার মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপির দায়িত্ব দেয়।
ডিএমপি কমিশনার পদেও যে পরিবর্তন আসছে, সেই গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তার মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন সাজ্জাত আলী।
সকাল নিউজ/এসএফ

