সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে এই জোট।
জবাবে- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন জোট তড়িঘড়ি করে গেজেট প্রকাশেরও অভিযোগ করেছিল। এর জবাবও দিয়েছে ইসি।
গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি দাবি করে ইসি আনোয়ারুল বলেন, ‘আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।’
তিনি বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে।’
শেরপুর-৩ আসনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান ইসি আনোয়ারুল।
৩২ আসনের কারচুপির মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে ইসিতে অভিযোগ দেন জোটের নেতারা। তারা সংশ্লিষ্ট আসনগুলোর ভোট পুনরায় গণনারও আবেদন করেন। তবে গেজেট প্রকাশ হওয়ায় সেটা সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।
সকাল নিউজ/এসএফ

