অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় ৫ লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে উক্ত দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।
রাজনৈতিক দলগুলোর নিকট এই কমিটি আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে।
ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
সকাল নিউজ/এসএফ

