দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে মন্তব্য করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি।’
তিনি বলেন, ‘দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। নির্বাচনে এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রহমানেল মাছউদ বলেন, ‘জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।’
তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, নির্বাচনের প্রতিকূলে যায় আমরা এসব মুভমেন্ট বিরোধী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে তাদের কার্যক্রম গ্রহণ করতে হবে।’
ইসি মাছউদ বলেন, ‘দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। নির্বাচন কমিশনের কথামতো দলের নেতারা তাদের পোস্টার অপসারণ, সফর বাতিল করেছে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে কথা বলছেন, এটি ভোটযুদ্ধের অংশ, রাজনৈতিক কৌশল। আমরা দেশের সব ধরনের সহিংসতা ও হত্যার নিন্দা জানাই। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের জন্য বলা হয়েছে।
সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ

