ভোলায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে টবগী ইউনিয়নের জামায়াত আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তারা ভোট চাইতে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে গেলে সেখানে উপস্থিত ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. ইউসুফ ও তার ভাই বিএনপি নেতা আইয়ুবের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
টবগী ইউনিয়নের জামায়াত আমির আব্দুল হালিম অভিযোগ করে বলেন, আমরা ভোট চাইতে ওই বাড়িতে গেলে শ্রমিক দল নেতা ইউসুফের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে পাল্টা অভিযোগ এনে শ্রমিক দল নেতা মো. ইউসুফ বলেন, আব্দুল হালিমের নেতৃত্বে জামায়াত কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে ঢুকে হামলা করেছে। এতে আমাদের ৬ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন হাসপাতালে ভর্তি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকাল নিউজ/এমএম

