ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘অনেক জায়গায় আচরণ বিধি মানা হচ্ছে না, রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছেন না। লোকালি ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে নইলে ভালো নির্বাচন হবে না।’
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় ফেনীর বিভিন্ন আসনও বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর কথা তিনি কমিশনে তুলে ধরেন।
মঞ্জু বলেন, ‘এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলংকিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি জানাচ্ছি। গ্রহণযোগ্য নির্বাচন নাহলে আরেকটা গণ আন্দোলন রচিত হতে পারে। ফেনীতে ১০ দলীয় প্রার্থীদের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে, মারার হুমকি দেয়া হচ্ছে।’
এ ছাড়া ফেনী-১ আসনের বিএনপির প্রার্থীর লোকজন দলীয় সমাবেশে আসতে সাধারণ ভোটারদের চাপ দিচ্ছে এবং ১০ দলের কর্মীদের বাধা দিয়েছে জানিয়ে সিইসির উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় দেদারছে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, বিধিমালা লঙ্ঘন করে অসংখ্য রঙ্গিন বিলবোর্ড সাঁটানো হয়েছে, ভোটারদের নানা প্রলোভন দেখানো হচ্ছে কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।’
সকাল নিউজ/এসএফ

