বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন বলেছেন, বিদ্রোহী প্রার্থীরা অনেক ত্যাগী। কিন্তু তারপরেও ধানের শীষের বৃহত্তম স্বার্থে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন।’
তিনি আরও বলেন, যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।
মাহদী আমিন জানান, ‘ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করা হবে।’
তিনি আরও জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ, তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইনশাআল্লাহ
সকাল নিউজ/এমআর

