লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের হারুন অর রশিদের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারির সঙ্গে রনি ওই সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে রনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান।
গুলির শব্দ শুনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রনিকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকাবাসীসহ সকলকে আরও সচেতন হতে হবে।’
সকাল নিউজ/এসএফ

