বছরের শুরুতেই পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছিল মুম্বাই। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা পরিবার। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক। এ নিয়ে বছরের শুরুতেই লড়াই শুরু হয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের।
বছর শেষে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। সাইফের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন- ‘বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) আমরা চলে এসেছি। ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল।’
তিনি বলেন, ‘আমাদের সন্তান ও গোটা পরিবারের জন্যই এ বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে বছরটা পার করেছি।’
কারিনা কাপুর বলেন, ‘আমরা অনেক কেঁদেছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানরা।’
সইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন তার ভক্ত-অনুরাগীরাও। তাই অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেবো লিখেছেন- ‘ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার ওপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬ সালে আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি।’
এর আগেই সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন- ‘পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে শেষ পর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এ ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।’
সকাল নিউজ/এসএফ

