ইংরেজি নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আল জাজিরা, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মামদানি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কোরআন হাতে শপথ নিলেন।
৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট এ নেতা তার দাদার কাছ থেকে পাওয়া কোরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরনো কুরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনুষ্ঠানে মামদানিকে শপথ পড়ান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এসময় মামদানির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিউইয়র্কের লাখো মুসলিমের জন্য এটি ছিল একটি গর্বের মুহূর্ত।
এদিকে জোহরান মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান।
জানা গেছে, শুক্রবার জনসম্মুখে নিউইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে পাওয়া কুরআন সঙ্গে রাখবেন।
উল্লেখ্য, নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নেন।
সকাল নিউজ/এমএম

