এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিলেও হঠাৎ ধাক্কা খেলো দ্বিতীয় ম্যাচে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল সমুদ্রপাড়ের এ দল। ফলে জিততে হলে রংপুরকে আটকাতে হবে ১০১ রানের মধ্যেই।
শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।
ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নিলেও কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ।
শেষ আটজন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ২১ বলে ১৩ রান করেন আবু হায়দার রনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।
রংপুর রাইডার্সের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরাফ। একাই পাঁচটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
সকাল নিউজ/এসএফ

