সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার বাকি ছিল মিনিট বিশেক। ক্রিকেটাররাও মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিক তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই। নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন ৬৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ।
মাহবুব আলী জাকির মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ।
ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে। ম্যাচ চলাকালীন সময়েই তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গকাল নিউজ/এমএম

