হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।
১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকে খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।
অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেছেন ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা।
বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী। অবশেষে শেষ হাসি হাসলো ববি হাজ্জাজ।
নির্বাচন কমিশনের তথ্য মতে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নিউজ/এসএফ

