এবারও বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি। টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে–অফ ফাইনালে গতকাল স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। ৪১ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপর ১০ জনের ইতালির বিপক্ষে ৭৯ মিনিটে সমতা ফেরায় বসনিয়া। বাকি সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। যেখানে ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তান্তে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। ২০১৪ আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি তাদের। এদিকে বিশ্বকাপে সুযোগ পাওয়ায় আনন্দে উদ্বেলিত বসনিয়ার খেলোয়াড়েরা। বসনিয়া স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিল। ইতালির মতোই ২০১৪ বিশ্বকাপে সর্বশেষ খেলেছে বলকান অঞ্চলের দেশটি।
সকাল নিউজ/এমএম



