দীর্ঘকাল অক্লান্ত পরিশ্রম করে বিশ্বকাপে খেলার সুযোগের পাশাপশি টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায় বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ৫০ বছরে ধীরে ধীরে উন্নতি করে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ১১০টি দেশের মধ্যে বর্তমানে ১২তম পজিশনে রয়েছে বাংলাদেশ।
এমন অবস্থায় থেকেও বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
বিসিবির সাবেক এই পরিচালক মনে করেন, সরকারি নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ৫০ বছর কষ্ট করে এই জায়গায় এসেছে দেশের ক্রিকেট। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো রীতিমতো বিস্মিত তিনি।
আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘ফিফা-আইসিসি সব সরকারি হস্তক্ষেপ গ্রহণ করে না। এটা বুঝতে হবে। যারা ক্রিকেট চালাচ্ছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তারা পরবর্তী বোর্ডের জন্য সমস্যা রেখে গেলেন কিনা -এটি ভাববার বিষয়। তারা সস্তা জনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ বয়কট করেছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি নগ্ন হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। বিসিবি নির্বাচন থেকে শুরু করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ। আইসিসি নিয়ম অনুযায়ী একেবারেই বেআইনি। আমার শঙ্কা হয়, আমরা একঘরে হয়ে গেলাম কিনা; ইমেজ সংকটে পড়ে গেলাম কিনা। ১৪টি দেশ আমাদের বিপক্ষে গেছে। আমাদের চাওয়ার বিপক্ষে গেছে।’
প্রসঙ্গত, জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে মেইল করে বিসিবি।
শেষ দিন পর্যন্ত নিজেদের দাবির পক্ষে অনড় ছিল বিসিবি। বাধ্য হয়েই ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশের দাবির বিপক্ষে সিংহভাগ ভোট পড়ায় বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখে বিশ্ব ক্রিকেট সংস্থা। সরকারি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ বয়কট করে বিসিবি।
সকাল নিউজ/এসএফ

