কক্সবাজার সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে দুদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতা বৃদ্ধি করে।’
উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের বিভিন্ন ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে কলেজ মাঠ ছিল প্রাণবন্ত।
আগামীকাল ২০ জানুয়ারি প্রথমপর্বে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী দিনের খেলা। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজন উপকমিটির আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।
সকাল নিউজ/এসএফ

