প্রথমবারের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হচ্ছে। দলীয় আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা দিয়েছে। প্রতিটি ইউনিয়নে চলছে মাইকিংসহ নানা প্রস্তুতি।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালায় খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে, এই সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে রবিবার ১ ফেব্রুয়ারি রাতে কটিয়াদী পৌর এলাকায় দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমীরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন৷ নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি কিশোরগঞ্জের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন।’
তিনি বলেন, ‘জনসভায় ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। ফলে জনসভা জনসমুদ্রে রূপ নেবে। আমরা সকল ধরনের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। ইতিমধ্যে মাঠ পরিদর্শন শেষে মঞ্চ তৈরির কাজ চলমান রয়েছে। আগামীকালের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম আরও বলেন, ‘সমাবেশকে শান্তিপূর্ণ করতে নিজস্ব প্রায় একহাজার স্বেচ্ছাসেবক থাকবে। জেলার বিভিন্ন সমস্যা ও সমসাময়িক রাজনীতির বিষয়ে জামায়াত আমীর বক্তব্য রাখতে পারেন৷’ এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সকল ধরনের সহযোগিতা পাচ্ছেন বলে তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজি মোঃ সাইফুল্লাহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ, সাবেক জেলা শিবির সভাপতি ফায়জুল হক উজ্জ্বল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদ প্রমুখ।
সকাল নিউজ/এসএফ

