ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
জানা গেছে, জেলা যুবদলের সাবেক সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ২০১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিতর্কিত ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কাছে হেরে যান। তার বাবা প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসন থেকে বিএনপি দলীয় তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। কিন্তু বিএনপি ওই আসনে মনোনয়ন দিয়েছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলকে। দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর পারভেজ আরেফিন সিদ্দিকী জনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে গত ৪ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক ভোটার তালিকায় গড়মিল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে নির্বাচন আপিল করেন পারভেজ আরেফিন সিদ্দিকী। ওই আপিলের শুনানি করে বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।
সকাল নিউজ/এমআর


