দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রজ্ঞাপনের তারিখ ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থাকলেও প্রজ্ঞাপনটি আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সংবিধান অনুযায়ী, বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সে হিসাবে তাঁর ৬৭ বছর পূর্ণ হতে যাচ্ছে ২৭ ডিসেম্বর।
এখন দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশিত হলো। তিনি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী, মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।
সকাল নিউজ/এমএম


