নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানেরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এ বৈঠক হয়। এসময় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা পৌণে ১২টার দিকে পৃথকভাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ।
বৈঠকের আলোচ্যসূচির মধ্যে ছিল- নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।
প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এ বৈঠকে পর্যালোচনা করা হয়। এ ছাড়া বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনাসংক্রান্ত আরেকটি সভা আজ বেলা আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বেলা আড়াইটার বৈঠক সম্পর্কে এসব তথ্য জানানো হয়।
সকাল নিউজ/এমএম


