গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দুটি পেট্রলবোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটেছে।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে নিসর্গ রিসোর্টে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘বোতল দুটির ভেতরে কেরোসিন–জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও বিস্ফোরিত হয়নি। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আগে হামলার ঘটনায় করা মামলাটি এখনো তদন্তাধীন। সেই সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে।’

এর আগে ২৬ মে মধ্যরাতে নিসর্গ রিসোর্টের ভেতরে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একপর্যায়ে আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন কর্তব্যরত আনসার সদস্যরা। ওই ঘটনায় রিসোর্টটির ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version