কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে কুতুপালং মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত কারিতাসের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে, ক্যাম্পে দায়িত্ব পালনরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারিতাসের কার্যালয়টি পুড়ে গেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ‘উখিয়ায় কারিতাসের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন শেল্টার ক্ষতিগ্রস্থ হয়নি।’
সকাল নিউজ/এসএফ

