কক্সবাজারের পেকুয়ায় নিজ কেন্দ্রে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর, আমরা যে ভোটাধিকারের জন্য এতো সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন সেই সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ হচ্ছে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের জন্য। আমরা এই যাত্রায় এক নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু করতে চাই। যে যাত্রা কখনো থামবে না। এদেশের মানুষের ন্যায্য অধিকারের জন্য কোনদিন আর রক্ত দিতে হবে না। সেই বাংলাদেশ বিনির্মানের জন্য আমাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অতীতের ফ্যাসীবাদী শক্তিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল্লাহ আল ফারুখ এবং ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে মোঃ ছরওয়ার আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন।
সকাল নিউজ/ এমএম


