কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ও স্বামী-স্ত্রীসহ ৫ চিহ্নিত ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাাদেও বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্ল (৩৫) ও তার ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মো. পাভেল মিয়া (২৩)।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন জানান, সেনা অভিযানে আটককৃত মহসীনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লুর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ দখলসহ নানা অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের সিজার তালিকা প্রস্তুত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সকাল নিউজ/এমএম


