ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে এখন ভালো আছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ইতালির দৈনিক করিয়ের ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান।
ইসমাইল বাকাই করিয়ের ডেলাকে সেরাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।’ তবে তার দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে।
বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন।
ইরানি এই কূটনীতিক ইউরোপীয় দেশগুলোকে ‘এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর’ আহ্বান জানান এবং বলেন, তারা চাইলে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখলে ইরান তা স্বাগত জানাবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ১,৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সকাল নিউজ/এসএফ

