কক্সবাজার–মহেশখালী নৌরুটে চলাচলকারী একমাত্র সী ট্রাকটি মেরামতের জন্য চট্টগ্রামে নেওয়ায় সাময়িকভাবে বিকল্প হিসেবে নতুন একটি সী ট্রাক চালু করা হয়েছে। এতে যাতায়াতে সময় ও খরচ কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এই রুটের যাত্রীরা।
আগের এস.টি. ভাষা শহীদ জব্বারের পরিবর্তে এস.টি. খিজির-৫ নৌরুটে চলাচল শুরু করে ৯ জানুয়ারি থেকে। নতুন এই সী ট্রাকে যাত্রা করতে সময় লাগছে মাত্র ২৫ মিনিট। যেখানে আগে ইঞ্জিন সমস্যার কারণে প্রায় ৫০ থেকে এক ঘণ্টা সময় লাগত। ফলে যাত্রীদের প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় সাশ্রয় হচ্ছে।
যাত্রী ইশরাত মো. শাহ জাহান বলেন, ‘এখন অনেক কম সময়ে যাতায়াত করা যায়। কম খরচে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে, যা আমাদের জন্য খুবই আনন্দের।’
আরেক যাত্রী হুমাইরা জান্নাত কাজল বলেন, ‘সী ট্রাক আমাদের জন্য খুবই উপকারী। নিরাপদে ও কম খরচে যাতায়াত করা যায়। নতুন সী ট্রাক আরও কম সময়ে পৌঁছাচ্ছে এটা সত্যিই ভালো খবর।’
কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সী ট্রাকটি ছাড়ে। যাত্রী ভাড়া মাত্র ৩০ টাকা। প্রতিদিন চারটি ট্রিপে চলাচল করছে সী ট্রাকটি। প্রথম ট্রিপ মহেশখালী ঘাট থেকে সকাল ৭টা ৩০ মিনিটে এবং কক্সবাজার ঘাট থেকে সকাল ৮টা ৩০ মিনিটে।
দ্বিতীয় ট্রিপ মহেশখালী ঘাট থেকে সকাল ১১টায় এবং কক্সবাজার ঘাট থেকে বেলা ১২টায়। তৃতীয় ট্রিপ মহেশখালী ঘাট থেকে দুপুর ২টা ৩০ মিনিটে এবং কক্সবাজার ঘাট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে। চতুর্থ ট্রিপ মহেশখালী ঘাট থেকে বিকেল ৫টায় এবং কক্সবাজার ঘাট থেকে সন্ধ্যা ৬টায় ছাড়ে।
বিআইডব্লিউটিসি কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আশরাফুর রহমান জানান, ‘আগের সী ট্রাকটির ইঞ্জিন সমস্যার কারণে যাত্রায় প্রায় এক ঘণ্টা সময় লাগত, এতে যাত্রীরা ভোগান্তিতে পড়তেন। নতুন যে সী ট্রাকটি চালু করা হয়েছে, সেটিতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে।’
নতুন সী ট্রাক চালু হওয়ায় জরুরি প্রয়োজনে মহেশখালীর মানুষ নিরাপদে, কম খরচে ও দ্রুত কক্সবাজারে যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সী ট্রাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা।
সকাল নিউজ/এসএফ

