দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপরও গ্ল্যামার, তারকা পরিবার আর দর্শক-ভক্তদের ব্যাপক আগ্রহের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এ অভিনেত্রী।
সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সবাই ঐশ্বরিয়াকে এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম সিনেমাপ্রেমী দশর্কই জানেন যে, সাবেক এ বিশ্বসুন্দরী ভালো গানও গাইতে জানেন।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ‘জোশ’ সিনেমা একসঙ্গে কাজ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনো একটি মজার ঘটনা শেয়ার করতে। তখন এ অভিনেতা সেখানেই ফাঁস করে দেন যে, ঐশ্বরিয়া খুব ভালো গান গাইতে জানেন।
চন্দ্রচূড় জানান, ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা এবং অনেকেই হয়তো এ কথা জানেন না। ঐশ্বরিয়া রাই বচ্চন অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। অভিনেত্রী পাল্টা বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক। এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়া ও চন্দ্রচূড়কে।
অনেক বোঝানোর পর ঐশ্বরিয়া রাজি হন এবং ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানটি গান। অভিনেত্রী যখন গান গাওয়া শুরু করেন, তখন সেট একেবারে নিস্তব্ধ। সবাই মুগ্ধ হয়ে শোনেন গানটি। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সবাইকে হতবাক এবং মুগ্ধ করেন।
প্রসঙ্গত, ‘জোশ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মনসুর খান। ২০০০ সালে মুক্তি পায় এ সিনেমাটি। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন বলি বাদশাহ শাহরুখ খান। যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যদিকে চন্দ্রচূড় সিং ওই সিনেমায় ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।
সকাল নিউজ/এসএফ

