আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে বাৎসরিক ছুটির ক্যালেন্ডারে। তবে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হতে পারে।
ফলে চলতি বছরের ঈদুল ফিতরের ছুটি বৃদ্ধির চিন্তা করছে সরকার। ঈদুল ফিতরের ছুটির আগে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
সূত্র জানিয়েছে, ঈদুল ফিতরের ছুটি বাড়ানো প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। পরবর্তী মন্ত্রিপরিষদ সভায় আলোচনায় উঠতে পারে ঈদের ছুটি। ছুটি লম্বা হলে ঈদযাত্রায় চাপ কমবে। সড়ক দুর্ঘটনাও কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এসব কারণ বিবেচনায় ছুটি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন।
এদিকে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের ছুটি। ১৮ মার্চ (বুধবার) যথারীতি অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে পবিত্র শবেবরাত ও ঈদুল ফিতর মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে ছুটি বেশি হলে মানুষ স্বস্তিতে বাড়ি ফেরার সুযোগ পাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিপরিষদ সভা থেকে।
অন্যদিকে সরকারি চাকরিজীবীদের কেউ কেউ টানা ১০ দিনের ছুটির হিসাব কষছেন। ঈদের ৫ দিনের ছুটি শেষে ২৬ মার্চও সরকারি ছুটি। পরের দুই দিন (২৭ ও ২৮ মার্চ) আবার সাপ্তাহিক ছুটি। তাই ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) ছুটি নেওয়ার সুযোগ খুঁজছেন কর্মকর্তা-কর্মচারীরা। দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন তারা।
সকাল নিউজ/এসএফ

