ঈদে যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। আমরা আশা করছি এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে।’
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে তৎপর থাকবে।’
শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি বলেন, ‘নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব। আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে। সেগুলো চিহ্নিত করে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নেব।’
সড়কমন্ত্রী আরও বলেন, ‘লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট করর জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সকাল নিউজ/এসএফ

