জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। স্থানীয় নির্বাচনে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন।
তিনি আরও বলেন, ‘দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং প্রধান বিরোধী দলের অবস্থান অর্জন একটি গুরুত্বপূর্ণ অর্জন।’ ভবিষ্যতে সম্মিলিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানান দলটির আমির।
এর আগে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শিবিরে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। আয়োজকদের আশা, এ আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে।
সকাল নিউজ/এসএফ

