নেতার ভালো কাজের সুনামের পাশাপাশি ভুল হলে তার সমালোচনা করতে হবে জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসন থেকে জয়ী সংসদসদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেবীদ্বারে কোনো কোরামবাজি চলবে না, হেডম দেখানো যাবে না। আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসা যাবে না, হাটবাজার নিয়ম তান্ত্রিক ভাবে হবে।’
তিনি বলেন, ‘রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি। ছবির রাজনীতি, পদের রাজনীতি এসব করা যাবে না। যারা নেতার তেলবাজি করে এগুলো মানুষ পছন্দ করে না।’
বেসরকারিভাবে নির্বাচিত হবার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় দেবীদ্বার এনসিপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, ভোটের আগে আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, এখনো তেমনি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের উন্নয়নে বেকারত্ব দূর করতে কিভাবে কাজ করা যায় তাই করেন। মনে রাখবেন, আপনারা বিজয় পাননি-আপনারা দায়িত্ব পেয়েছেন। এতো দিন আপনারা ওয়াদা করে আসছেন, এখন ওয়াদা পূরণের সময় আসছে। আগামী ৫ বছর শুধু কাজ, উদযাপনের কোনো সময় নেই। আল্লাহ যেনো আমাদের অহংকারী না বানায়।
এসময় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দেকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্ররাজনীতি কখনো পড়াশোনা কিংবা কর্মসংস্থানের বিকল্প নয়। ছাত্রসংগঠন একটি দলকে যেমনি এগিয়ে নিতে পারে, পক্ষান্তরে তাদের কর্মকাণ্ডের কারনে দলের আবার ক্ষতি হয়ে যেতে পারে। মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থেকে কিশোর অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো খুন হয়নি। এর আগে খুন বিহীন এমন কোনো নির্বাচন হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন করতে গিয়ে প্রশাসন একটু কঠোর ছিল, সেক্ষেত্রে আপনারা মনে কিছু নিবেন না। এসময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

