নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে বলে অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। পুলিশ-সেনবাহিনী-ডিসিসহ সবাইকে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছি।’
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোট প্রদান করেন। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘নোয়াগাঁও ইউনিয়নে আমার দুইজন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে খেঁজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল, সেজন্য তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।’
এর আগে রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে শ্লোগান দিতে থাকে তার সমর্থকেরা। শাহবাজপুরে নিজ বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা বিশেষ করে নারী ভোটারেরা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানান তাকে।
পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।
সকাল নিউজ/এসএফ

