‘আজকে দেশটা দুই ভাগে বিভক্ত’ মন্তব্য করে কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া–কটিয়াদী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দীন বলেছেন, ‘একটি দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। আরেকটি দল ৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার বিরুদ্ধে ছিল।’
তিনি বলেন, ‘তারা এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে। তারা আমাদের মা-বোনদের পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে নির্যাতন করতে সহায়তা করেছে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কটিয়াদী সরকারি কলেজ মাঠে দলীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। ব্যানার-ফেস্টুনসহ দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে অগণিত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহম্মেদ জুন, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান কাকন, পাকুন্দিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মো. জালাল উদ্দীন আরও বলেন, ‘কয়েক দিন আগে এই মাঠে জামায়াতের কেন্দ্রীয় আমির এসেছিলেন। তাদের তুলনায় আজকের উপস্থিতি অনেক বেশি হয়েছে। নির্বাচন নিয়ে চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের কোনো ফাঁদে পড়া যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নে ব্যাপক কাজ করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে একটি পরিবর্তন আসবে। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। নারীদের এবং যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করা হবে।’
সকাল নিউজ/এসএফ

