রাজধানীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প থেকে দুই শিশু সন্তান ও বাবা-মাসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু সন্তানদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে তাদের মরদেহ পাওয়া যায়। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা টিনশেড বাসা নিয়ে ভাড়া থাকতো। স্বামী রিকশা চালাতো এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। এ পরিবার বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো। হয়তো কোনো উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান নিশ্চিত করে জানিয়েছেন, চারজনের দুজন দম্পতি ও তাদের দুই সন্তান। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সকাল নিউজ/এসএফ

