ধানের শীষের পক্ষে কাজ না করার অজুহাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভির সাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লালমনিরহাট-২ আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নারীরা। এ সময় একই দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী ও দলীয় নেতাকর্মী একত্রিত হয়ে তুষভান্ডার ইউনিয়নের মানিক বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এসব কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তারা দাবি করেন, লালমনিরহাট-২ আসনেজেলা বিএনপি’র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুলকে বিএনপি’র মনোনায়ন দেয়া হয়। একই আসনে মনোনায়ন প্রত্যাশী ছিলেন তারই চাচাত ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম। তাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। আসন্ন নির্বাচনে মনোনায়নকে ঘিরে এই দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়। রোকন উদ্দিন বাবুল ধানের শীষের মনোনায়ন পেলেও জাহাঙ্গীর আলমের সমর্থকদের সাথে কোন রুপ যোগাযোগ করেননি বলে ওই গ্রুপের নেতাকর্মীরা দাবি করেন।
ফলে আসন্ন নির্বাচনে জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীরা দলীয় প্রচারণায় অংশ না নেয়ায় বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে সাম্প্রতিক সময় বহিষ্কার করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভির সাবুকে। স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা এ নিয়ে পুষে উঠে।
সাবু’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উপজেলা সদরের তুষভাণ্ডার ইউনিয়নের মানিক বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি’র একটি গ্রুপের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলের সামনে ঝাড়ু হাতে অংশ নেন নারীরা। তারা স্লোগান দিয়ে বিএনপি’র প্রার্থীকে বর্জনের ঘোষণা দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেও কিছু সুবিধাবাদী নেতা মাঠের কর্মীদের কোণঠাসা করার চেষ্টা করছেন। লালমনিরহাট-২ আসনের প্রার্থী রোকন উদ্দিন বাবুল নিজের প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অনুসারীদের একে একে দল থেকে বহিষ্কার করার জন্য অনৈতিক চাপ সৃষ্টি করছেন।’
তিনি বলেন, ‘যারা রাজপথে সক্রিয়, তাদেরই টার্গেট করা হচ্ছে। কিন্তু আমরা ধানের শীষের লোক, দলের বাহিরে আমরা কখনোই নই। দলের মনোননয় পেয়ে তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেননি।’
সমাবেশে নেতাকর্মীরা আল্টিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে যদি জিএম তানভির সাবুর বহিষ্কারাদেশ বাতিল করা না হয় এবং দলের মধ্যে এই ‘বহিষ্কার রাজনীতি’ বন্ধ না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
লালমনিরহাট-২ আসনের প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বিক্ষোভ মিছিলটি চলাকালে সড়কে সাময়িকভাবে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশি তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’
সকাল নিউজ/এসএফ

